কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দুই সেনা কর্মকর্তার নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা বাতিল করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল ও কর্নেল মো. সাইদুল ইসলাম। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। একই সঙ্গে তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কারা মহাপরিদর্শক এবং কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে দায়িত্ব দেওয়ার কথা ছিল। এর আগে মোস্তফা কামাল কর্নেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। পরে তারা নিজ নিজ পদে পদোন্নতি পান।
তবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে নতুন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হলেও সেটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। তবে নিয়োগের দিনই কেন এই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো কারণ জানা যায়নি।
বিষয়টি জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওয়েবসাইট দেখে বিষয়টি জানার পরামর্শ দেন। এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল। এরপর নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ নিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেটি বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।