ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি সাজসজ্জার পেছনে সরকারের বিপুল অর্থ ব্যয়ের তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। ২০১৯ সাল থেকে

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯ সময় , আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯ সময়

ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি সাজসজ্জার পেছনে সরকারের বিপুল অর্থ ব্যয়ের তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার খরচ করেছে সরকার। তথ্য অধিকার আইনে করা এক আবেদনের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য প্রকাশ করে। ২০২৫ সালের ডিসেম্বরে আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত এই আবেদন করেছিলেন।


প্রকাশিত নথি অনুযায়ী, মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশই হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারার সময়ে। তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ও মেকআপ শিল্পীদের নাম নথির বিভিন্ন অংশে মুছে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’র কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাসভিত্তিক হিসাবেও পাওয়া গেছে চমকপ্রদ তথ্য। ২০২৩ সালের যুদ্ধ শুরুর সময়ের আশপাশেও চুল সাজানো ও মেকআপে সরকারি অর্থ ব্যয় হয়েছে। ওই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চুল সাজাতে প্রায় ২ হাজার ৬০০ ডলার এবং মেকআপে ১ হাজার ৫৮০ ডলার খরচ হয়। শুধু অক্টোবরেই চুল সাজানোর পেছনে ব্যয় করা হয় ৮১০ ডলার।


বছরভিত্তিক হিসাবেও ব্যয়ের বড় পার্থক্য রয়েছে। ২০২২ সালে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের সময়ে এই খাতে ব্যয় হয়েছিল প্রায় ২৭ হাজার ৬০০ ডলার। পরের বছর ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৩ হাজার ডলারে। আর ২০২৫ সালে ব্যয় আরও বেড়ে সর্বোচ্চ প্রায় ১ লাখ ১১ হাজার ডলারে পৌঁছে। এর বড় একটি অংশ ব্যয় হয়েছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়। ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে চুল ও মেকআপের পেছনে খরচ হয় প্রায় ১৩ হাজার ৫০০ ডলার। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে একই ধরনের ওয়াশিংটন সফরে ব্যয় হয়েছিল প্রায় ১১ হাজার ৫০০ ডলার।


শুধু চুল ও মেকআপ নয়, পোশাক এবং অতিথি আপ্যায়নসহ সরকারি প্রতিনিধিত্বমূলক খাতেও আলাদা ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, নেতানিয়াহুর সময়ে এই খাতে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৩৪ হাজার ডলার। বেনেটের সময়ে ১৯ হাজার এবং লাপিদের সময়ে মাত্র ২ হাজার ৬০০ ডলার খরচ হয়েছে। তবে গয়না, পোশাক কিংবা ইমেজ পরামর্শকদের পেছনে সরকারের আরও কত অর্থ ব্যয় হয়েছে, সেই তথ্য প্রকাশ করা হয়নি। এসব তথ্যও চেয়েছিল মুভমেন্ট ফর ফ্রিডম অব ইনফরমেশন।


সব মিলিয়ে, যুদ্ধ ও অর্থনৈতিক চাপের সময়েও ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জা ও সরকারি প্রতিনিধিত্বের পেছনে এত বিপুল অর্থ ব্যয়ের তথ্য প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯