সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, এরপর দীর্ঘ দেড় বছরের প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে

প্রেমের টানে বরিশালে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময় , আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, এরপর দীর্ঘ দেড় বছরের প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে বরিশালের বাকেরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন ৩৫ বছর বয়সী চীনা যুবক জিয়াং। ভিন্ন দেশের দুই তরুণ-তরুণীর এই বিয়ে এখন বাকেরগঞ্জের গ্রামে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। তার স্ত্রী জান্নাতুল ইসলাম ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।


পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে মোবাইল ফোন কিনতে গিয়ে কয়েকজন চীনা নাগরিকের সঙ্গে ইভার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মাধ্যমে মোবাইল ফোনে জিয়াংয়ের সঙ্গে ইভার পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর মুঠোফোনের বার্তা আদান-প্রদানের মাধ্যমে নিয়মিত যোগাযোগ শুরু হয়। কথা বলতে বলতে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। প্রায় দেড় বছর পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। দেশে এসে প্রথমবারের মতো সরাসরি দেখা হয় ইভার সঙ্গে।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে আসার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধর্ম পরিবর্তন করেন জিয়াং। এরপর রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে ইভাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর কিছুদিন ঢাকায় অবস্থান করেন এই নবদম্পতি। পরে স্ত্রীকে নিয়ে ইভার গ্রামের বাড়ি বাকেরগঞ্জে যান জিয়াং। সেখানে গত বৃহস্পতিবার গায়ে হলুদের আয়োজন করা হয়। পরদিন শুক্রবার জুমার নামাজের পর পারিবারিকভাবে অনুষ্ঠিত হয় বৌভাত।


ইভা জানান, মেয়ের বিয়েতে বড় আয়োজন করার ইচ্ছা ছিল তার বাবা-মায়ের। গ্রামের বাড়িতে এসে সেই ইচ্ছা পূরণ হয়েছে। স্বামী জিয়াংও বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও সবুজ প্রকৃতি বেশ পছন্দ করছেন। তবে ভাষাগত পার্থক্য তাদের যোগাযোগে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে। ইভা জানান, তারা অনুবাদ করার মুঠোফোনের ব্যবস্থা ও ইশারার মাধ্যমে নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করেন। পরিবারের সবার সঙ্গেও জিয়াং বেশ মিশুক আচরণ করছেন। পাশাপাশি বাংলাদেশি খাবারও উপভোগ করছেন তিনি।


জিয়াং জানিয়েছেন, ইভার পাসপোর্ট তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে কিছুদিন পর স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। কনের বাবা জাকির হাওলাদারও বিদেশি জামাইকে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, পরিবারের সবাই জিয়াংকে সাদরে গ্রহণ করেছেন এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়েই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


তবে বিদেশি নাগরিকের বাংলাদেশে এসে বিয়ের বিষয়টি নিয়ে আইনগত দিক খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছেন, চীনা নাগরিকের বাংলাদেশে অবস্থান ও বিয়ের বিষয়ে পুলিশ আগে থেকে অবগত ছিল না। তিনি বৈধ পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করেছেন কি না এবং স্থানীয় আইন মেনে বিয়ে সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯