জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাইয়ে চালানো প্রাণঘাতী হামলার আগে ইরান চীনা কৃত্রিম উপগ্রহের তোলা উচ্চমানের ছবি ব্যবহার করেছিল বলে দাবি করা হয়েছে। ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটি। হামলার আগে ঘাঁটির বিস্তারিত উপগ্রহচিত্র তেহরানের হাতে পৌঁছেছিল। তবে কোন কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব ছবি সরবরাহ করেছিল, তাদের নাম প্রকাশ করেনি মার্কিন কর্মকর্তারা।
এ ঘটনায় চীন সরাসরি জড়িত ছিল—এমন কোনো অভিযোগও তোলেনি ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি চীনা প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন। চীনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে প্রমাণ উপস্থাপনের দাবি জানানো হয়েছে। এর আগে গত মে মাসে ইরানকে সামরিক কাজে ব্যবহারযোগ্য উপগ্রহচিত্র সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
নতুন এই অভিযোগ সামনে আসায় ইরান ও চীনের মধ্যে মহাকাশভিত্তিক তথ্য আদান-প্রদান এবং তা সামরিক অভিযানে ব্যবহারের বিষয়টি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়তে পারে।