জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কাউন্সিলকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের সরাসরি ভোটে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হবে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তিন শতাধিক কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন।
ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় এই ভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই স্থানে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আলোচনা সভা হবে। এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।
এরপর বিকেল ৫টায় কাউন্সিল উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে। দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচির পর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক আয়োজন। সেখানে ব্যান্ড আর্ক হাসান, র্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করবেন। জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটি তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে।