মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজে হামলা এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে। সাম্প্রতিক হামলার ঘটনায় তেল সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান সূচক ব্রেন্টের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পশ্চিম টেক্সাসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বাধা তৈরি হলে বিশ্বজুড়ে তেলের মজুত আরও কমে যেতে পারে। আর সরবরাহ সংকট গভীর হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের শক্তি তথ্য প্রশাসন চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে। সংস্থাটির হিসাবে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি। একইভাবে চলতি বছরে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস তেলের গড় মূল্য ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। আগের পূর্বাভাসের তুলনায় এই হিসাবও প্রায় ৫ শতাংশ বেশি।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের শক্তি তথ্য প্রশাসনের এই পূর্বাভাস ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। অর্থাৎ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক তীব্র উত্তেজনা আরও বাড়ার আগেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহে নতুন কোনো বড় বাধা তৈরি হলে তেলের দামের পূর্বাভাস আরও পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
সূত্র: আল জাজিরা