কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে বিশেষ সামরিক ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে প্রায় তিন টন ওজনের ডুবোযানটি জব্দ করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
ইরানের বিপ্লবী গার্ডের তথ্য অনুযায়ী, আটক করা ডুবোযানটি ‘ডাইভ-এলডি’ মডেলের একটি স্বয়ংক্রিয় সাবমেরিন ড্রোন। প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। গভীর সমুদ্রে দীর্ঘ সময় স্বয়ংক্রিয়ভাবে নজরদারি ও বিভিন্ন অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে ড্রোনটির। বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে তাদের নৌবাহিনীর দক্ষ সদস্যরা হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে মার্কিন বাহিনীর এই অত্যাধুনিক ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।
ইরানের দাবি, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই চালকবিহীন সাবমেরিনটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়। বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির প্রবেশমুখে এটি নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন আটক করার ইরানের এ দাবি নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।