ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে মার্কিন হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। জর্ডানে

৫ ইরানি ট্যাংকারে মার্কিন বোমাবর্ষণ, জর্ডানে পাল্টা হামলা ইরানের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে মার্কিন হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। একই সঙ্গে ওই অঞ্চলে দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবিও করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।


যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়, ওমান উপসাগরে চারটি এবং খারগ দ্বীপের কাছে একটি ইরানি তেলের ট্যাংকারে হামলা চালানো হয়েছে। হামলার আগে এসব জাহাজের চালকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানায় যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, জর্ডানের আল আজরাক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় মার্কিন যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে।


এ ছাড়া ইরানি বাহিনী আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজসহ ওই অঞ্চলে মোট দুটি মার্কিন নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করা হয়েছে। তবে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশেই ধ্বংস করা হয়েছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জর্ডান।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন পিছু হটবে না। মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করা হলে তার জবাবে ইরানের আরও তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।


এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদুল্লাহি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিলেন। এরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার দাবি করা হলো। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সামরিক সংঘাতের মধ্যে সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯