ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন বাড়ানো গেলে অর্থনীতিতে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ডিজিটাল লেনদেন বাড়লে ব্যবসার খরচও কমে আসবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থার জন্য গতিশীল বাংলা কিউআর’ চালুর অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক করতে ডিজিটাল ব্যবস্থা এবং নগদবিহীন লেনদেনের ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ডিজিটালাইজেশনের গুরুত্ব অনেক বেশি। বিএনপির নির্বাচনি ইশতেহারেও ডিজিটাল অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো সম্ভব হলে প্রতিটি আর্থিক কর্মকাণ্ডের স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে নজরদারি সহজ হওয়ায় দুর্নীতির সুযোগও কমে আসবে। অর্থমন্ত্রী আরও বলেন, বাংলা কিউআরকে একটি কার্যকর ও গতিশীল লেনদেনের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তঃসংযোগ না থাকলে বাংলা কিউআরের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না।
তিনি বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতিটি আর্থিক লেনদেনের তথ্যভিত্তিক রেকর্ড তৈরি হবে। এতে কর আদায় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের হিসাব অনুসরণ করা সহজ হবে। পাশাপাশি অর্থনীতির বিভিন্ন খাত থেকে সংগৃহীত তথ্য নীতিনির্ধারণের ক্ষেত্রেও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। অর্থমন্ত্রী বলেন, নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল ও স্বচ্ছ অর্থনীতির দিকে এগিয়ে যেতে হলে আধুনিক লেনদেন ব্যবস্থা আরও বিস্তৃত করতে হবে। এতে ব্যবসা পরিচালনার ব্যয় কমার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে জবাবদিহিও বাড়বে।