বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তার অভিযোগ, দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, গত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছেন। কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।’ জামায়াতে ইসলামী নিয়েও সমালোচনা করেন মুফতি রেজাউল করীম। তার দাবি, দলটির লোগো থেকে ‘আকিমুদ্দিন’ শব্দটি বাদ দেওয়ার পর সেখানে আর ইসলাম শব্দটি নেই। এ কারণে জামায়াতকে ইসলামী দল বলা যায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও দাবি করেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলামী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা স্পষ্টভাবে উল্লেখ করেনি। পাশাপাশি জামায়াতের আমির প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এসব বিষয় বিবেচনায় জামায়াতকে আর ইসলামী দল বলা যায় না বলে দাবি করেন চরমোনাই পীর। জামায়াতে ইসলামীর লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করার পর সংসদে জামায়াতের আমির বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় বলে মন্তব্য করেছেন—এমন দাবি করে রেজাউল করীম বলেন, তাহলে এত তেল ও গ্যাস পুড়িয়ে লংমার্চ করার প্রয়োজন কেন হলো? এ ধরনের বক্তব্যকে তিনি দ্বিমুখী আচরণ হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া বিএনপির বিরুদ্ধেও অভিযোগ তোলেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছে না বলে তিনি দাবি করেন। রেজাউল করীমের অভিযোগ, সংসদে এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে। এ ধরনের আইন থেকে সরকার সরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদ কর্মসূচিতে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।