দেশের ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করতে নানা অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:২৭ সময় , আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:২৭ সময়

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করতে নানা অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে এসব অপচেষ্টা সত্ত্বেও দেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।


তিনি বলেন, দেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির যে অটুট বন্ধন রয়েছে, তা দীর্ঘদিনের। আমরা একে অপরের পূজা-পার্বণ ও বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশ নিই। পারস্পরিক এই সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভাল ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের কল্যাণে কাজ করার জন্য বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান মর্যাদা ও অবস্থান নিশ্চিত করার নীতিতে বিশ্বাস করে। এই নীতিকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। 


তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় জীবনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে সামাজিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। রিজভী আশা প্রকাশ করেন, নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র সত্ত্বেও দেশের ধর্মীয় সম্প্রীতি অটুট থাকবে এবং সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯