বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং নেতা-কর্মীদের একটি অংশের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা আব্বাস বলেন, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং ভবিষ্যতেও ষড়যন্ত্র হতে পারে। একইভাবে প্রধানমন্ত্রীকেও বিভিন্ন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। দলের কিছু নেতা-কর্মী সামনে এক ধরনের কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন আচরণ করেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক উদার। তবে সব জায়গায় সবার ওপর একইভাবে নির্ভর করা ঠিক হবে না। দলের ভেতরের বিভিন্ন বিষয় সম্পর্কে আরও সতর্কভাবে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি।
ষড়যন্ত্রের প্রসঙ্গে মির্জা আব্বাস বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তার মৃত্যুর পরিস্থিতিও দলের নেতা-কর্মীদের জন্য কষ্টের ছিল। সরকার পরিচালনায় তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, ইতোমধ্যে তিনি অনেক ভালো কাজ করেছেন। কিন্তু কিছু মানুষের নেতিবাচক বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সেই ভালো কাজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
আবেগঘন বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিএনপির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। দলের ৪৮ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক কিছু মিস করলেও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কখনো মিস করেননি বলে জানান তিনি। এ সময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি প্রধানমন্ত্রীর সামনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি ব্যক্তিগত বিভেদ ভুলে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।