আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণ আইওএস ২৭ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে এর বিভিন্ন

আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২২ সময় , আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২২ সময়

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণ আইওএস ২৭ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে এর বিভিন্ন পরীক্ষামূলক সংস্করণ নিয়ে কাজ চলছে। নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বিস্তৃত করা হয়েছে। এর অন্যতম আকর্ষণ ‘সিরি এআই’, যা ব্যবহারকারীর সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে এবং ব্যক্তিগত প্রয়োজন বুঝে বিভিন্ন কাজে সহায়তা করতে পারবে। আইওএস ২৭-এ ক্যামেরার মাধ্যমে আশপাশের বস্তু ও দৃশ্য সম্পর্কে তথ্য জানার সুবিধা আরও উন্নত করা হয়েছে। ক্যামেরায় কোনো বস্তু দেখিয়ে সেটি সম্পর্কে প্রশ্ন করা যাবে। খাবারের ছবি তুলে এর উপাদান বা পুষ্টিগুণ জানা কিংবা গাছ ও বিভিন্ন বস্তু শনাক্ত করার মতো কাজও করা সম্ভব হবে।


শিশুদের আইফোন ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ যুক্ত হচ্ছে। কোন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করা যাবে, কী ধরনের বিষয়বস্তু দেখা যাবে এবং কতক্ষণ ফোন ব্যবহার করা যাবে—এসব বিষয়ে আরও বিস্তারিতভাবে সীমা নির্ধারণ করা যাবে। মেসেজ ও মেইলের মতো অ্যাপেও সিরির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা ব্যবহার করা যাবে। ব্যবহারকারী কী লিখতে চান, সংক্ষেপে জানালেই সিরি খসড়া তৈরি করে দিতে পারবে। লেখার ধরন, ভাষা, যতিচিহ্ন ও স্বর অনুসরণ করেও লেখা তৈরির চেষ্টা করবে এটি। পাশাপাশি কোনো বার্তায় অনুষ্ঠানের উল্লেখ থাকলে সেটি ক্যালেন্ডারে যুক্ত করার মতো কাজেও সহায়তা করতে পারবে।


সাফারি ব্রাউজারেও থাকছে নতুন সুবিধা। একাধিক খোলা ট্যাব বিষয়ভিত্তিকভাবে সাজানোর সুযোগ থাকায় প্রয়োজনীয় ওয়েবপেজ খুঁজে পাওয়া সহজ হবে। কোনো ওয়েবপেজে পরিবর্তন এলে ‘নোটিফাই মি’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীকে জানানোর ব্যবস্থাও থাকবে। ছবি সম্পাদনার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হয়েছে। ছবির অনাকাঙ্ক্ষিত বস্তু সরানো, ছবির প্রান্ত বাড়ানো এবং কাঠামো বা দৃষ্টিকোণ পরিবর্তনের মতো কাজ করা যাবে। ‘ক্লিন আপ’ সুবিধায় অপ্রয়োজনীয় বস্তু সরানো এবং ‘রিফ্রেম’ দিয়ে ছবির ফ্রেম ও দৃষ্টিকোণ পরিবর্তন করা সম্ভব হবে।


অ্যাপলের ‘ইমেজ প্লেগ্রাউন্ড’-এও বড় পরিবর্তন আসছে। আগের তুলনায় আরও বাস্তবসম্মত ছবি তৈরির সুযোগ থাকবে। তৈরি করা ছবি পছন্দ না হলে নতুন নির্দেশনা দিয়ে তা পরিবর্তন করা যাবে। এমনকি ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করে শুধু সেই অংশও সংশোধন করা সম্ভব হবে। আইওএস ২৭-এর ‘লিকুইড গ্লাস’ নকশাতেও যুক্ত হচ্ছে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেটিংস থেকে স্বচ্ছতা নিয়ন্ত্রণের স্লাইডার ব্যবহার করে অ্যাপ ও বিভিন্ন ইউআই উপাদান কতটা স্বচ্ছ দেখাবে, তা ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ঠিক করতে পারবেন।


অ্যাপলের তথ্যমতে, আইওএস ২৭ চলতি বছরের শরতে বিনা মূল্যের সফটওয়্যার হালনাগাদ হিসেবে উন্মুক্ত হবে। নতুন আইফোনের সঙ্গেও এই অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। চূড়ান্ত সংস্করণের আগে নতুন সুবিধা পরীক্ষা করতে চাইলে ব্যবহারকারীরা অ্যাপলের পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য চূড়ান্ত সংস্করণ প্রকাশের পর হালনাগাদ করাই নিরাপদ।


সমর্থিত আইফোনে সফটওয়্যার হালনাগাদ হিসেবে আইওএস ২৭ পাওয়া যাবে। তবে সব মডেলে সব কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পাওয়া যাবে না। অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরি এআইয়ের সুবিধা আইফোন ১৬ সিরিজের পরের মডেলগুলো এবং আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সে পাওয়া যাবে। আইওএস ২৭ হালনাগাদ করতে আইফোনের সেটিংস থেকে সাধারণ এবং এরপর সফটওয়্যার হালনাগাদ অপশনে যেতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯