বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সংসদে উপস্থিত হয়ে নিজের অফিসে কার্যক্রম শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, মির্জা আব্বাস আজ প্রথম জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরেন মির্জা আব্বাস। জানা গেছে, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান তিনি। পরে ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন শেষে বুধবার রাতে দেশে ফেরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। দেশে ফেরার পরদিনই জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়ে রাজনৈতিক ও সংসদীয় কার্যক্রমে ফিরলেন মির্জা আব্বাস।