হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার

যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪০ সময় , আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪০ সময়

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা হয়েছে ৮০টি স্বর্ণের বার, যার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৩০ গ্রাম। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


কাস্টমস সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে তল্লাশি চালান কর্মকর্তারা। একপর্যায়ে উড়োজাহাজের একটি আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেটের সন্ধান পাওয়া যায়। প্যাকেটটি খুলতেই বেরিয়ে আসে ৮০টি স্বর্ণের বার। কাস্টমসের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। তবে চালানটির সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।


কাস্টমস কর্মকর্তাদের ধারণা, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো অত্যন্ত কৌশলে উড়োজাহাজের আসনের নিচে লুকিয়ে দেশে আনা হয়েছিল। পরে এসব স্বর্ণ বিমানবন্দরের বাইরে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে রাখা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।


ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, স্বর্ণের এই চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। পাশাপাশি স্বর্ণের চালানটির উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য চোরাচালান চক্র শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯