জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের এই আইন কর্মকর্তা। রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে করা হয়। ২০২৫ সালের ২ মে মামলাটি দায়ের করা হয়েছিল।
ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। মামলায় রিয়াজ ছাড়াও আরও কয়েকজন অভিনয়শিল্পীর নাম রয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আরও একটি হত্যা মামলাতেও রিয়াজকে আসামি করা হয়েছে। এই দুই মামলায় আগাম জামিন চেয়েই বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হন তিনি। তবে শুনানি শেষে তার আবেদন মঞ্জুর হয়নি।