দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। তার দাবি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ২ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে তিন দিনের সরকারি সফরে ভোলায় গিয়ে নিজ সংসদীয় আসনের নতুনবাজারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই সেতু ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি। সেতু নির্মাণের জন্য ভোলার মানুষ আন্দোলন করছে এবং নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই সঙ্গে ভোলার মহাসড়ক নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে পার্থ বলেন, ভোলা-বরিশাল সেতুর বিষয়ে তিনি সংসদে বক্তব্য দিয়েছেন। প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ভোলার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, জেলায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং সড়ক সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় গত ছয় মাসে সংসদ সদস্য হিসেবে নিজের কর্মকাণ্ডেরও তুলে ধরেন পার্থ। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে এক টাকা দুর্নীতির অভিযোগও শোনা যায়নি। একই সঙ্গে কোনো মিথ্যা মামলা, হয়রানি বা চাঁদাবাজির ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।
পার্থ আরও বলেন, তার দলের নাম ব্যবহার করে কেউ চুরি, ডাকাতি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে ছাড় দেওয়া হবে না। কমিশন, জিআর, টিআর কিংবা ঠিকাদারি থেকে সুবিধা নেওয়ার রাজনীতি তার রক্তে বা বংশে নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বুধবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদীবন্দরে পৌঁছান তথ্যমন্ত্রী। পরে স্পিডবোটে করে ভোলার সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে যান তিনি। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।