সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চলতি, সঞ্চয়ী ও মেয়াদি আমানতের মূল টাকা এককালীন উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে মূল টাকার সঙ্গে কোনো মুনাফা পাওয়া যাবে না। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়েছে, ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫-এর আওতায় সাধারণ ও ব্যক্তি শ্রেণির আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের শুধু আসল টাকা উত্তোলন করতে পারবেন। অর্থাৎ গ্রাহক যে পরিমাণ টাকা জমা রেখেছিলেন, সেই মূল অর্থই ফেরত পাবেন। তবে ওই টাকার বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা এই সুবিধার আওতায় দেওয়া হবে না।
তবে মূল টাকা তুলে নিলে সেটিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট গ্রাহকের পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। পরবর্তী সময়ে ওই হিসাবের বিপরীতে অতিরিক্ত কোনো দাবি করা যাবে না। এ ছাড়া কোনো গ্রাহকের আগের ব্যাংকের কাছে ঋণ বা অন্য কোনো বকেয়া দায় থাকলে আমানতের টাকা পরিশোধের আগে তা সমন্বয় করা হবে। এরপর বাকি অর্থ গ্রাহককে দেওয়া হবে। ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা টাকা উত্তোলনের জন্য ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়নের প্রক্রিয়া শুরু হবে।
আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত ও ডিপিএসসহ বিভিন্ন হিসাব থেকে গ্রাহকরা মূল টাকা উত্তোলনের সুযোগ পাবেন। তবে হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হলে ভবিষ্যতে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে।
এদিকে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা ও উপশাখাগুলো সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে স্বাগত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা দিতে বলা হয়েছে। শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রেখে গ্রাহকসেবার মান বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।