রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই বিভাগের একাডেমিক ভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে প্রথমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি ছড়িয়ে পড়ে দুই বিভাগের একাডেমিক ভবন এলাকায়। আহত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। আহতদের মধ্যে ফেরদৌস হাসান ও সাজিদুর গুরুতর আহত হওয়ায় প্রথমে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধের সমাধান হয়নি। একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী রসায়ন বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালালে দুজন আহত হন।
এর জেরে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর করেন। এ সময় ভবনের ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে আরও দুই রসায়ন শিক্ষার্থী আহত হন। পরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাও রসায়ন বিভাগের একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর চালান। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম জানান, সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।