প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আপাতত নতুন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:১৭ সময় , আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:১৭ সময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আপাতত নতুন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়ে তার কাছে বর্তমানে কোনো হালনাগাদ তথ্য নেই। সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।


এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকের জন্য তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনেও অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এ ছাড়া দ্বিপক্ষীয় সফরের জন্য ২১ আগস্টকে সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছিল নয়াদিল্লি। তবে নির্ধারিত সময় ঘনিয়ে এলেও সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সফরের আগে বাংলাদেশ ভারতের কাছ থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রত্যাশা করছে। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে দাবি জানানো হয়েছে।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে নয়াদিল্লির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়সূচি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি জানানো হয়নি। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯