ইরানি সামরিক পাইলটদের আটক করে রাখার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাইলটদের আটক নয়, বরং তাদের সন্ধানে আন্তর্জাতিক নিয়ম মেনে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল। রোববার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি বলেন, ইরানি সামরিক সদস্যদের আটকের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। আঞ্চলিক উত্তেজনা কমাতে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন এ ধরনের তথ্য ছড়িয়ে পড়া বিস্ময়কর বলেও মন্তব্য করেন তিনি।
কাতারি মুখপাত্র জানান, সংশ্লিষ্ট পাইলটরা কাতারের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় আন্তর্জাতিক আইন ও সংঘাতের প্রচলিত নিয়ম মেনে কাতার নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এরপর নিখোঁজ পাইলটদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়। ওই অভিযানে একজন পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় দোহা। মরদেহটি ইরানের কাছে হস্তান্তরের বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয়।
এ ছাড়া উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে ইরানকে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনো তেহরানের পক্ষ থেকে ওই আমন্ত্রণের কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে ইরানের সামরিক কমান্ডার সৈয়দ মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেন, কাতারের আকাশসীমায় ভূপাতিত হওয়া দুটি যুদ্ধবিমানের তিন পাইলটকে দোহায় কয়েক মাস ধরে আটক রাখা হয়েছে।
ইরান জানিয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল পাইলট মাজিদ কাজেমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি ভূপাতিত যুদ্ধবিমান দুটির একটির ক্রু সদস্য ছিলেন। বাকি তিন ক্রু সদস্যের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়েও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কাতার ও পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে। তবে সরাসরি আলোচনা এখনো পুনরায় শুরু হয়নি। আরাগচির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।