পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। বুধবার ১২ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন হিসেবে স্মরণ করা হয়। মুসলিম বিশ্বে দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এ উপলক্ষে সরকারি ছুটি থাকে। বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও তথ্য জানানো যাবে।
চলতি বছরের সরকারি ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর জন্য আগামী ২৬ আগস্ট বুধবার ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় দিবসটির তারিখ নির্ধারিত হওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে। অর্থাৎ আজকের সভার পরই জানা যাবে, চলতি বছর বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী কবে পালিত হবে।