দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ২০০৩ সালের পর বৃহস্পতিবার ১৩ আগস্ট প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলছে টাইগাররা। ২৩ বছর আগের সেই মারারা স্টেডিয়ামেই এবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
তবে শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে অস্বস্তিতে পড়ে স্বাগতিকরা। নতুন বলে তাসকিন আহমেদের সঙ্গে আক্রমণ শুরু করেন হাসান মাহমুদ। অফ স্টাম্প বরাবর আঁটসাঁট লাইন ও লেংথে ধারাবাহিক বোলিং করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে চাপে রাখেন তিনি। উইকেটে ঘাস থাকায় বল থেকে সুইং ও বাউন্সও আদায় করে নেন হাসান। ১২তম ওভারের চতুর্থ বলে আসে তার প্রথম সাফল্য। অফ স্টাম্পের বাইরে করা বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানা ছোঁয়ান জেক ওয়েদারাল্ড। বল সরাসরি চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ২৩ রান করে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার।
এরপর ১৪তম ওভারে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। রাউন্ড দ্য উইকেট থেকে করা ভালো লেংথের বল ভেতরে ঢুকে ট্রাভিস হেডের ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। ২২ রান করে বিদায় নেন হেড। হেড ফেরার পর ক্রিজে নামেন স্টিভেন স্মিথ। অন্য প্রান্তে ছিলেন মারনাস লাবুশেন। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া কিছুটা চাপে পড়ে যায়।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট প্রত্যাবর্তনের শুরুটা তাই হয়েছে দারুণ প্রতিশ্রুতিশীল। এখন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও বাংলাদেশের বাকি বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে আরও কতটা চাপ তৈরি করতে পারেন, সেটিই দেখার বিষয়।