ট্রুথ সোশ্যালে পোস্ট প্রকাশের আগেই দেখার ও বিক্রির বিতর্কিত উদ্যোগ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ১২ আগস্ট সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতে দ্য ইন্টারসেপ্ট মিডিয়া ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে দেওয়ানি মামলাটি দায়ের করে।
মামলার নথিতে বলা হয়েছে, সরকারি নীতি, সামরিক পদক্ষেপসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট আর্থিক বাজারে প্রভাব ফেলতে পারে। অথচ মাসে প্রায় এক লাখ ডলারের বিনিময়ে এসব সরকারি তথ্য আগাম সরবরাহের সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাদীপক্ষ। মামলায় এই ব্যবস্থাকে ‘অসাধারণ, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক’ বলে দাবি করা হয়েছে। অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনী লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
গত জুলাইয়ে ট্রাম্প মিডিয়া ‘ট্রুথ এপিআই’ নামে একটি নতুন পরিষেবা চালু করে। এর মাধ্যমে ট্রাম্পসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সাধারণ ব্যবহারকারীদের আগে পাওয়ার সুযোগ পান অর্থপ্রদানকারী গ্রাহকেরা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গ্রাহকদের কাছে প্রকাশ্য তথ্য মিলিসেকেন্ডের ব্যবধানে পৌঁছে দেওয়া হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৬০ হাজার থেকে এক লাখ ডলার মূল্যের একাধিক চুক্তি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলায় ট্রাম্পের পাশাপাশি তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের উপপ্রধান কর্মকর্তা ড্যান স্ক্যাভিনো, প্রেসিডেন্টের কার্যালয় ও হোয়াইট হাউসকেও আসামি করা হয়েছে।