বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৫৯ সময় , আপডেট সময় : ১১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৫৯ সময়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এখন আলোচনার কেন্দ্রে। দলীয় ও সরকারি অন্দরের সূত্রের বরাতে তাকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী করার বিষয়টি প্রায় নিশ্চিত বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিষয়টি সম্ভাবনা হিসেবেই থাকছে।


মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তাকে বিএনপির মহাসচিবের পদ এবং সংসদ সদস্য পদ ছাড়তে হবে। ফলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়েও এরই মধ্যে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অথবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর একজনকে দায়িত্ব দেওয়া হতে পারে।


অন্যদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায়ও একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য পরিবর্তনের আলোচনায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম রয়েছে। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে দলীয় সূত্রে আলোচনা রয়েছে। তবে বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকেও পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।


সূত্রের দাবি, সরকার গঠনের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন আহমদ। ফলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে সেই সুযোগ তৈরি হতে পারে। সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মুখ আসতে পারে। সম্ভাব্য তালিকায় বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্ভাব্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে আলোচনায় রয়েছে।


শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে পানিসম্পদ মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে। সেখানে অন্য কোনো মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় রুহুল কবির রিজভীকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া দপ্তর পুনর্বণ্টনের মাধ্যমে আরও কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন হতে পারে। মন্ত্রিসভায় নতুন করে দুই থেকে তিনজন সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে দলীয় অন্দরে আলোচনা চলছে।


তবে এসব পরিবর্তনের কোনোটিই এখনো চূড়ান্ত নয়। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার পরই মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের বিষয়টি স্পষ্ট হবে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও মন্ত্রিসভার কাঠামো। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে একদিকে যেমন দেশের সাংবিধানিক পদে বড় পরিবর্তন আসবে, অন্যদিকে বিএনপির সাংগঠনিক নেতৃত্ব এবং সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েও নতুন সমীকরণ তৈরি হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯