ফুটবল মাঠ থেকে উড়ে যাওয়া একটি বল গিয়ে পড়েছিল পাশের ব্যস্ত মহাসড়কে। সেই বল এড়াতে গিয়ে এক চালক হঠাৎ ব্রেক কষলে পেছন থেকে আসা আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। অস্বাভাবিক এই দুর্ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে ম্যাচের সরাসরি সম্প্রচারের ক্যামেরায়। বিরল ঘটনাটি ঘটেছে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ম্যাচ চলাকালে। এস্তাদিও পারকে অ্যানক্যাপে উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর মধ্যকার ম্যাচে উরুগুয়ে মন্টেভিডিওর এক খেলোয়াড় বলটি জোরে ক্লিয়ার করলে সেটি মাঠের সীমানাপ্রাচীর টপকে পাশের ব্যস্ত মহাসড়কে গিয়ে পড়ে।
ম্যাচের সরাসরি সম্প্রচারের ভিডিওতে দেখা যায়, হঠাৎ মহাসড়কের ওপর উড়ে আসা বলটি দেখতে পেয়ে একটি সাদা গাড়ির চালক দ্রুত ব্রেক করেন। এতে পেছন থেকে আসা আরেকটি গাড়ি সময়মতো থামতে না পেরে সাদা গাড়িটিকে ধাক্কা দেয়। ম্যাচ সরাসরি সম্প্রচারিত হওয়ায় পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অদ্ভুত এই দুর্ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে সংঘর্ষে দুটি গাড়িই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার পর মহাসড়ক থেকে ফুটবলটি উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রাখা হয়। পরে খেলা আবার শুরু হয়। শেষ পর্যন্ত পায়সান্দুর বিপক্ষে ১-০ গোলের জয় পায় উরুগুয়ে মন্টেভিডিও। তবে ম্যাচের ফলের চেয়ে মাঠ থেকে উড়ে যাওয়া একটি ফুটবল কীভাবে মহাসড়কে গাড়ি দুর্ঘটনার কারণ হলো, সেই অস্বাভাবিক ঘটনাই এখন বেশি আলোচনায়।