শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। কেন তিনি এমনটা মনে করছেন, সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বৃহস্পতিবারের ওই টকশোতে উপস্থাপক খালেদ মুহিউদ্দীন বলেন, অনেকে মনে করেন আওয়ামী লীগ যে সাহস পাচ্ছে, তার পেছনে রুমিন ফারহানার বক্তব্যও ভূমিকা রাখছে। তার গবেষণা দলও লিখেছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রুমিন ইতিবাচক বক্তব্য দিচ্ছেন।
জবাবে রুমিন ফারহানা বলেন, তিনি বাংলাদেশের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং একই সঙ্গে একজন আইনজীবী। তার পরিবারেও দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস রয়েছে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি শেখ হাসিনার জায়গায় নিজেকে কল্পনা করে বিষয়টি দেখছেন বলে জানান।
শেখ হাসিনা দেশে ফিরতে পারেন—এমন ধারণার পেছনে তিনটি কারণ তুলে ধরেন রুমিন ফারহানা।
প্রথমত, তিনি শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কারণে এক রাতে শেখ হাসিনার পরিবারের প্রায় সবাইকে হত্যা করা হয়েছিল।
দ্বিতীয়ত, শেখ হাসিনার নিজের রাজনৈতিক ত্যাগের বিষয়টি সামনে আনেন তিনি। সরকারি দল ও বিরোধী দল—দুই অবস্থানেই শেখ হাসিনা দীর্ঘ সময় রাজনীতি করেছেন এবং একই সঙ্গে ওই পরিবারের জীবিত সদস্য হিসেবে তার একটি আলাদা রাজনৈতিক দায় রয়েছে বলে মনে করেন রুমিন। তৃতীয় কারণ হিসেবে শেখ হাসিনার বয়সের কথা উল্লেখ করেন তিনি। রুমিন ফারহানার মতে, শেখ হাসিনা যদি ভারতের মাটিতে জীবনের শেষ সময় কাটান, তাহলে তার পিতা, পরিবার ও দীর্ঘ রাজনৈতিক ত্যাগের সঙ্গে গড়ে ওঠা বিশাল দলের ভবিষ্যৎ কী হবে—এ প্রশ্নও গুরুত্বপূর্ণ।
রুমিন বলেন, তিনি যদি শেখ হাসিনার জায়গায় থাকতেন, তাহলে দেশে ফিরে আসার চেষ্টা করতেন। তার এই মন্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।