বিরোধী দলগুলো কোন বিষয়ে বিরোধিতা করে আর কোন বিষয়কে সমর্থন করে, তা দেশের মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে না

মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৬ সময় , আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৬ সময়

বিরোধী দলগুলো কোন বিষয়ে বিরোধিতা করে আর কোন বিষয়কে সমর্থন করে, তা দেশের মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাগরিক ঐক্য এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়।


মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ বর্তমানে এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ক্ষমতাসীনদের ওপরও পুরোপুরি আস্থা নেই। আবার বিরোধী দলগুলো আসলে কোন বিষয়ে বিরোধিতা করছে এবং কোন বিষয়কে সমর্থন করছে, সেটিও জনগণের কাছে পরিষ্কার নয়। তিনি বলেন, শুধু বিদেশের কোনো ঘটনা বা ইস্যু নিয়ে বিবৃতি দিলেই হবে না। দেশের মানুষের জীবন-জীবিকা, ভোটাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান থাকতে হবে।


জুলাই সনদ নিয়েও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। মান্না বলেন, আন্দোলনের আগে মানুষকে স্পষ্টভাবে জানাতে হবে, কোন দাবিতে তাদের আন্দোলনে যুক্ত হতে বলা হচ্ছে। দেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায়, যেখানে শান্তিতে বসবাস করা যাবে, জীবনযাপনের চাপ কম থাকবে এবং প্রত্যেকে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।


ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ধর্মের বিরুদ্ধে তার কোনো বক্তব্য নেই। তবে শুধু ধর্মের কথা বললেই রাজনীতি পূর্ণতা পায় না। মানুষের অধিকার, নিরাপত্তা ও জীবন রক্ষার প্রশ্নেও রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও মন্তব্য করেন মান্না। তিনি বলেন, মানুষের কথা বলার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কোনো ব্যক্তির হাতে এককভাবে রাষ্ট্রের সব ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ থাকবে না।


এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভাগাভাগির ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, যৌথ নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হলে এক ব্যক্তির কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাবে। বিচার বিভাগের স্বাধীনতার বিষয়েও জোর দেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সাধারণ ও দরিদ্র মানুষের অন্যতম বড় সমস্যা হলো ন্যায়বিচার পাওয়া। রাজনৈতিক কারণে গ্রেপ্তার, মিথ্যা মামলা এবং বছরের পর বছর হয়রানির মতো পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।


তার মতে, এমন একটি স্বাধীন বিচারব্যবস্থা প্রয়োজন, যেখানে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং কোনো মন্ত্রী বা ক্ষমতাবান ব্যক্তি ফোন করে বিচারিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারবেন না। বিএনপির সমালোচনা করে মান্না প্রশ্ন তোলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বললে বিচার বিভাগের স্বাধীনতার বিরোধিতা করার কারণ কী। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে স্বাধীনভাবে নিয়োগের ব্যবস্থা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।


এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রসংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘাতেরও সমালোচনা করেন তিনি। দখল, ব্যানার-পোস্টার লাগানো এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জনগণের দাবিতে আন্দোলনের পরিবর্তে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়লে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। ছাত্রসংগঠনগুলোর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে মান্না বলেন, অভ্যন্তরীণ সংঘাতের সুযোগ নিয়ে বড় কোনো শত্রু প্রবেশ করতে পারে। দেশের পরিস্থিতি যত বেশি অস্থির ও অশান্ত হবে, বহিঃশক্তির জন্য তত বেশি সুযোগ তৈরি হবে।


তাই ছাত্রদের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সমাবেশে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ অন্য নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯