যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের পূর্ব পাশে নির্মাণাধীন প্রায় ৪০ কোটি ডলারের বিশাল বলরুম প্রকল্পের কাজ

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৬ সময়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের পূর্ব পাশে নির্মাণাধীন প্রায় ৪০ কোটি ডলারের বিশাল বলরুম প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আপিল আদালত। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ফেডারেল আপিল আদালত এ বিষয়ে রায় দেন। আদালত বলেছেন, হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের পরিবর্তন বা নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত প্রেসিডেন্ট এককভাবে নিতে পারেন না। এ ধরনের সিদ্ধান্তের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।


রায়ে আদালত প্রেসিডেন্টের দায়িত্বের সাময়িক চরিত্রের কথাও তুলে ধরেছেন। বিচারকরা বলেন, প্রত্যেক প্রেসিডেন্টকে মনে রাখতে হবে যে তিনি হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করেন, ভবনটির মালিক নন। সেখানে বিশাল কোনো স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষমতা কংগ্রেসের। ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বড় বলরুম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, বড় ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য এই স্থাপনা প্রয়োজন।


তবে প্রকল্পটি শুরু করার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি। এ বিষয়েই আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণবিষয়ক সংগঠন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন। সংগঠনটির অভিযোগ, হোয়াইট হাউসের ঐতিহাসিক পূর্ব অংশ ভেঙে নতুন স্থাপনা নির্মাণের মাধ্যমে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে।


এর আগে গত এপ্রিলেও একটি নিম্ন আদালত বলরুম প্রকল্পের নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। এবার ফেডারেল আপিল আদালতের রায়ে সেই নিষেধাজ্ঞাই বহাল রাখা হলো। তবে এই রায়ের পর ট্রাম্প প্রশাসনের সামনে আরও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আপিল আদালত বর্তমান আদেশটি ১৪ দিনের জন্য স্থগিত রেখেছেন, যাতে প্রশাসন চাইলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারে।


রায়ের পরপরই হোয়াইট হাউস কিংবা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ট্রাম্পের বহুল আলোচিত বলরুম প্রকল্পের ভবিষ্যৎ এখন উচ্চতর আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯