জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়; বরং জনগণের দাবিগুলো সরকারের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া। একই কর্মসূচি শুধু রাজধানীতেই নয়, সারা দেশেও পালিত হচ্ছে বলেও জানান তিনি। ডা. শফিকুর রহমান সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি বা মন্ত্রীকে ঘটনাস্থলে এসে জনগণের দাবিপত্র গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দাবি বাস্তবায়ন হলে সরকারকে ধন্যবাদ জানানো হবে, আর বাস্তবায়ন না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
পুলিশের প্রতি তিনি অনুরোধ জানান, জনগণের দাবিগুলো যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি তাদের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।