হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাংকারের কাছাকাছি দুটি বিস্ফোরণের শব্দ শোনার ঘটনা ঘটেছে। তবে এতে জাহাজ বা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওমানের কুমজার উপকূলের কাছাকাছি এ ঘটনার তথ্য পেয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমজার উপকূল থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটনাটি ঘটে। ট্যাংকারের অধিনায়ক জানিয়েছেন, প্রণালি অতিক্রম করার সময় তিনি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে বিস্ফোরণের পরও জাহাজটি নিরাপদ ছিল এবং নাবিকদের কেউ হতাহত হননি। ট্যাংকারটিরও কোনো ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে বিস্ফোরণের উৎস বা কী কারণে এমন শব্দ শোনা গেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি চালিয়ে যাচ্ছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল