ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং এরপর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার আইনগত অধিকার নিশ্চিত করা হবে। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান জানান, সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে এবং বিভিন্ন কূটনৈতিক পর্যায়েও বিষয়টি উত্থাপন করা হয়েছে। পাশাপাশি, ভারত অবস্থানকালে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য দেওয়া উচিত নয় বলেও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন, "তিনি যদি দেশে ফিরতে চান, আমরা প্রস্তুত আছি। আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এরপর একজন অভিযুক্ত হিসেবে তার যে আইনগত অধিকার রয়েছে, তা নিশ্চিত করা হবে। আদালত যে রায় দেবেন, সরকার সেই রায়ই মেনে নেবে।"
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও গণমাধ্যমকে সতর্ক করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি জানান, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কেউ আদালতের নির্দেশনা অমান্য করে তার বক্তব্য প্রচার করলে বা আগাম প্রচারের ঘোষণা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।