ক্ষমতা ছাড়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার বিষয়ে বক্তব্য দেবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চলা অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে। ওই সময়ের আন্দোলনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি কোনো আনুষ্ঠানিক গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেননি। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, সাবেক কূটনীতিক, বিশ্লেষক ও জনপরিচিত ব্যক্তিত্ব অংশ নেবেন। আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সরকারের বিভিন্ন নেতার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চলমান বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।