বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
রোববার সকালে ঠাকুরগাঁওয়ে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ দেশের সীমান্তবর্তী অঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে উন্নত চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম তাদের জন্য বড় সহায়তা হবে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও এমন উদ্যোগ সম্প্রসারিত হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের ভৌগোলিক দূরত্ব কম হওয়ায় দুই দেশের মধ্যে স্বাস্থ্য, উন্নয়ন এবং মানবিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। ‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই চক্ষু শিবিরে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নেপালের দূতাবাসের প্রতিনিধি, নেপালের চক্ষু বিশেষজ্ঞ, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।