চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। যাত্রীদের প্রাণহানি, গুরুতর

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছেই না

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩ সময় , আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩ সময়

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। যাত্রীদের প্রাণহানি, গুরুতর আহত হওয়া এবং স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর মতো ঘটনা বাড়তে থাকায় এবার শিশু-কিশোরদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। রেলওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, অধিকাংশ ঘটনায় স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাই প্রথমবার কোনো শিশু এ ধরনের ঘটনায় জড়িত থাকলে তার অভিভাবককে ডেকে সতর্ক করে মুচলেকা নেওয়া হবে। এরপরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অভিভাবকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।


প্রচলিত আইনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। আর এ ধরনের ঘটনায় কারও মৃত্যু হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। তবে এসব আইনে দৃষ্টান্তমূলক শাস্তির নজির খুবই কম। সম্প্রতি সিরাজগঞ্জে দ্রুতযান এক্সপ্রেসে ছোড়া একটি পাথরে গুরুতর আহত হন ২২ বছর বয়সী এক শিক্ষার্থী। চিকিৎসকদের মতে, তার ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। শুধু এই ঘটনাই নয়, চলতি বছর দেশের বিভিন্ন রুটে একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। কারও চোখ নষ্ট হয়েছে, কারও দাঁত ভেঙেছে, আবার কেউ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।


রেলওয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে এ ধরনের ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, গত কয়েক বছরে প্রায় দুই হাজার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালা-দরজা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু যাত্রী আহত হয়েছেন এবং কয়েকটি ঘটনায় প্রাণহানিও ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় পাথর নিক্ষেপপ্রবণ এলাকা চিহ্নিত করা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯