রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ (শনিবার) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।সূত্র বলছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ কারণে রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলেও দলীয় নেতাদের ধারণা।
এর আগে ২৬ জুলাই বগুড়ায় এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই সংবিধান ও আইন অনুযায়ী নেওয়া হবে। দলীয় অন্দরে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক নেতৃত্ব এবং দলীয় ও জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে তাকে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচিত হচ্ছে। বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির পদ শুধু আনুষ্ঠানিক নয়; সংবিধান রক্ষা এবং বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এ পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই এ বিষয়ে দলটি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চায়।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।