যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের মিরামার বিমানঘাঁটির কাছে মার্কিন মেরিন কোরের একটি এফ–৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:৩০ সময়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের মিরামার বিমানঘাঁটির কাছে মার্কিন মেরিন কোরের একটি এফ–৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর পাইলটকে সতর্কতামূলক চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। একই সঙ্গে সামরিক বাহিনী ও অগ্নিনির্বাপণ বিভাগের সদস্যরা উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সান ডিয়েগো অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানিয়েছেন, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। মিরামার বিমানঘাঁটি একসময় ‘ফাইটারটাউন ইউএসএ’ নামে পরিচিত ছিল। জনপ্রিয় ‘টপ গান’ চলচ্চিত্রে ব্যবহৃত নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রও ছিল এটি। পরে ১৯৯৬ সালে সেই প্রশিক্ষণ কার্যক্রম নেভাডায় স্থানান্তর করা হয়।


সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন মেরিন কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর বহরে ৬৩০টিরও বেশি এফ–৩৫ যুদ্ধবিমান রয়েছে। স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণে সক্ষম এই যুদ্ধবিমানের প্রতিটির নির্মাণ ব্যয় প্রায় ১০৯ মিলিয়ন মার্কিন ডলার। আর পুরো এফ–৩৫ কর্মসূচির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ডলার। এদিকে ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটি অন্তত সপ্তম সামরিক বিমান দুর্ঘটনা। বিষয়টির কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯