শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ যৌন নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলী খন্দকার, রাব্বি বেপারী ও ইমন খন্দকার।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন থেকে জাতীয় জরুরি সেবা নম্বরে একটি ফোন আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক দম্পতিকে উদ্ধার করে পুলিশ। পরে নির্যাতনের শিকার নারীকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চিকিৎসাধীন নারীর অভিযোগে বলা হয়েছে, তার স্বামীকে কৌশলে ডেকে নিয়ে বেঁধে রাখা হয়। এরপর স্বামীর মুঠোফোন ব্যবহার করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, টাকা নেওয়ার পর অভিযুক্ত দুই ব্যক্তি ওই নারীকে যৌন নির্যাতন করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলী খন্দকার, রাব্বি বেপারী এবং তাদের সহযোগী ইমন খন্দকারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।