২০২৬ বিশ্বকাপকে ঘিরে টানা বিতর্ক ও সমালোচনার মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের উদ্দেশে দেওয়া তার কঠোর মন্তব্যের পর এবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাটির দাবি, ইনফান্তিনোর বক্তব্যই প্রমাণ করে তিনি বিশ্ব ফুটবল পরিচালনার জন্য উপযুক্ত নন।
বিশ্বকাপ শেষ হওয়ার পর দীর্ঘ এক খোলা চিঠিতে ইনফান্তিনো সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, যারা ফিফাকে ঘৃণা করেন, তাদের উচিত সমালোচনায় সময় নষ্ট না করে ধ্যান করা, প্রার্থনা করা কিংবা ফুটবল উপভোগ করা। তার ভাষ্য, নেতিবাচক মনোভাবের কারণে অনেকেই বিশ্বকাপের প্রকৃত আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করেছেন। তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও বিতর্কের বড় একটি অংশ ছিল গুজবনির্ভর। তার মতে, সমালোচকেরা ফুটবলের ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে শুধু বিতর্ককেই সামনে এনেছেন।
তবে ইনফান্তিনোর এই অবস্থানকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার। সংস্থাটির পরিচালক নিকোলাস ম্যাকগিহান বলেন, ফিফা সভাপতির বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন নন। তার মতে, নেতৃত্বের দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন প্রতিক্রিয়া প্রত্যাশিত নয়।
ম্যাকগিহান আরও বলেন, ইনফান্তিনো নিজের চারপাশে এমন একটি পরিবেশ তৈরি করেছেন, যেখানে ভিন্নমত বা সমালোচনার যথাযথ মূল্যায়ন করা হয় না। ফলে বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও তিনি বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছেন। এবারের বিশ্বকাপে মাঠের বাইরের নানা ইস্যু নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। টিকিটের উচ্চমূল্য, প্রশাসনিক সিদ্ধান্ত এবং কিছু শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এসব ঘটনার পরই ইনফান্তিনোর বক্তব্য এবং তার জবাবে মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়া নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।