রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে ভয়াবহ বৈরী আবহাওয়ার কবলে পড়ে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। প্রবল ঝড় ও প্রতিকূল পরিবেশের কারণে এখনো তাদের মধ্যে তিনজনের মরদেহ পাহাড় থেকে নামানো সম্ভব হয়নি। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল প্রথমে আটকে পড়া দুই পর্বতারোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে তদন্তকারী সংস্থা আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ না করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, নিহত পাঁচজনই বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক।
জানা গেছে, সাত সদস্যের একটি পর্বতারোহী দল মাউন্ট এলব্রাসে অভিযান চালাচ্ছিল। দলের সদস্যরা বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যাঞ্চলের একটি শহরের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে একটি দম্পতি এবং একজন নারী চিকিৎসকও ছিলেন।
জর্জিয়া সীমান্তের কাছে অবস্থিত ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রাস ইউরোপের সর্বোচ্চ পর্বত। আকস্মিক আবহাওয়ার পরিবর্তন, তীব্র বাতাস এবং কঠিন আরোহণ পথের কারণে এটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পর্বতারোহণ গন্তব্য হিসেবে পরিচিত। উদ্ধারকারী দল জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান এখনো কঠিন হয়ে রয়েছে এবং পরিস্থিতি অনুকূলে এলে বাকি মরদেহগুলো নামানোর চেষ্টা করা হবে।