রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার দুপুর ২টা ২৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনের উদ্দেশে বঙ্গভবন ত্যাগ করেন। এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। প্রায় ৩৯ মাস রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনের পর তার সরকারি দায়িত্বের অধ্যায় শেষ হয়।
জানা গেছে, বঙ্গভবন ছাড়ার পর তিনি সপরিবারে গুলশানের নিজস্ব বাসভবন ‘গ্রিন ভিলা’-য় বসবাস শুরু করবেন। এ জন্য আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। রোববারের এই বিদায়ের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে সরকারি বাসভবনে তার অবস্থানেরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৪ জুলাই তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।