রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে সম্প্রতি সংস্কার শেষ হওয়া একটি সড়কের অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পুরোনো পানির

রাজধানীর ধোলাইখালে সড়ক ধসে বিশাল গর্ত, জনদুর্ভোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৪৮ সময়

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে সম্প্রতি সংস্কার শেষ হওয়া একটি সড়কের অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পুরোনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটির নিচে ফাঁপা অংশ তৈরি হওয়ায় এই ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি যান চলাচল। গত ১২ জুলাই নারিন্দা মোড়সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ হঠাৎ দেবে যায়। এতে বড় গর্তের সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।


বর্তমানে সড়কের এক পাশ দিয়ে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। তবে অপর পাশ বন্ধ থাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাস ও ভারী যানবাহন চলাচলের কারণে ভোগান্তি আরও বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টির সময় হঠাৎ করেই সড়কের মাঝামাঝি অংশ ধসে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং যান চলাচল নিয়ন্ত্রণে আনে। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কার কাজ শুরু করে।


সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, প্রায় ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে দীর্ঘদিন ধরে লিকেজ থাকায় ধীরে ধীরে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই অংশই ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ চলমান রয়েছে। কংক্রিটের প্রয়োজনীয় কিউরিংসহ সব কাজ শেষ করে সড়ক পুরোপুরি যান চলাচলের উপযোগী করতে আরও কয়েক দিন সময় লাগবে। ততদিন পর্যন্ত জনদুর্ভোগ কমাতে সড়কের একটি অংশ চালু রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯