বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনাকে কেন্দ্র করে আবারও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব হয়েছেন

ফিফা সভাপতির পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময় , আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনাকে কেন্দ্র করে আবারও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব হয়েছেন স্পেনের শীর্ষ ফুটবল লিগের প্রধান হ্যাভিয়ের তেবাস। তিনি ৪৮ দলের বিশ্বকাপকে ৬৪ দলে উন্নীত করার ভাবনাকে ফুটবলের জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়ে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে নির্বাচন পদ্ধতি, টুর্নামেন্ট পরিচালনা, শাস্তি প্রত্যাহার এবং হাইড্রেশন ব্রেকসহ ফিফার একাধিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তিনি।


ইতালির একটি ক্রীড়া দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপে আরও দল বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তার মতে, ফুটবল কেবল বিশ্বকাপকে ঘিরে আবর্তিত হয় না। একটি টুর্নামেন্টের প্রয়োজন মেটাতে পুরো ফুটবল ক্যালেন্ডার পরিবর্তন করা মোটেও গ্রহণযোগ্য নয়। তার দাবি, জাতীয় দলের সংখ্যা বাড়ানো হলে বিভিন্ন দেশের ঘরোয়া লিগ আরও বেশি চাপের মুখে পড়বে। মাত্র কয়েক সপ্তাহের একটি প্রতিযোগিতার জন্য বিশ্বজুড়ে লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত ফুটবল শিল্পকে ঝুঁকিতে ফেলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তেবাসের মতে, জাতীয় লিগগুলোর স্বার্থ রক্ষা করা এখন সময়ের দাবি। কিন্তু ফিফা সেই বাস্তবতা বিবেচনা না করেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে।


আগামী ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কো এই আসরের আয়োজন করবে। তবে তেবাস মনে করেন, এ ধরনের সম্প্রসারণ ভবিষ্যতে ফুটবলের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। ফিফা সভাপতির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এই স্প্যানিশ ফুটবল প্রশাসক। তার ভাষায়, ইনফান্তিনোর দায়িত্ব ছাড়ার সময় হয়ে গেছে। যদিও তিনি স্বীকার করেন, বিভিন্ন দেশের ফুটবল সংস্থার সমর্থন থাকায় বর্তমানে ফিফা সভাপতির অবস্থান অত্যন্ত শক্তিশালী।


ফিফার নির্বাচন ব্যবস্থাকেও সমালোচনার মুখে ফেলেছেন তেবাস। তার অভিযোগ, বর্তমান কাঠামোয় প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা আগেই পরাজয়ের আশঙ্কা করেন বলেই কেউ সামনে আসতে চান না। বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাও প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা আন্তর্জাতিক ফুটবলের জন্য উদ্বেগজনক।


এছাড়া বিশ্বকাপে দীর্ঘ বিরতি এবং বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক নিয়েও আপত্তি জানিয়েছেন তেবাস। তার মতে, অনেক ম্যাচে বাস্তবে এমন বিরতির প্রয়োজন ছিল না। তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে এই বিরতিগুলো মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের সম্প্রসারণ, প্রতিযোগিতার সময়সূচি, বাণিজ্যিক সিদ্ধান্ত এবং ফিফার প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক বাড়লেও বর্তমান ক্ষমতার কাঠামোর কারণে ইনফান্তিনোর অবস্থান এখনো শক্তিশালী বলেই মনে করছেন তেবাস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯