এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ

এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, দুপুর ১:৫৫ সময় , আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, দুপুর ১:৫৫ সময়

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থা। সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় এডিবি স্পষ্টভাবে জানিয়েছে, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো আর্থিক সহায়তা প্রদান করে না। এছাড়া আর্থিক সহায়তার নামে ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের তথ্য কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানোর অনুরোধও সংস্থাটি কখনো করে না।


এডিবির তথ্য অনুযায়ী, সম্প্রতি একটি প্রতারক চক্র সংস্থাটির নাম ও পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ, জাল পরিচয়পত্র এবং বিভিন্ন ভুয়া নথি তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, এসব কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই। তাই এডিবির নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব এলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।


একই সঙ্গে এ ধরনের কোনো ফোনকল, বার্তা, ই-মেইল বা অনলাইন যোগাযোগ পেলে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানিয়েছে এডিবি। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছে এডিবি। সংস্থাটি জানিয়েছে, তারা সবসময় বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। ব্যক্তিগত পর্যায়ে কোনো প্রতিনিধির মাধ্যমে সরাসরি ঋণ দেওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই।


এডিবি আরও জানিয়েছে, সংস্থাটির নাম, লোগো, কর্মকর্তাদের পরিচয় বা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত সতর্কতা ও প্রতারণা এড়িয়ে চলার নির্দেশনা তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহিষ্ণু উন্নয়ন কার্যক্রমে কাজ করছে। সংস্থাটির সদস্য দেশ ৬৯টি, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯