ভ্রমণপ্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে দেশটি চালু করেছে পাঁচ বছর মেয়াদি একাধিকবার প্রবেশের সুযোগসংবলিত ভ্রমণ ভিসা। এই ভিসার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক স্পনসর বা স্থানীয় গ্যারান্টার ছাড়াই একাধিকবার আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। নতুন এই উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরব আমিরাতকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসাধারীরা প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। প্রয়োজন হলে সেই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর সুযোগ থাকবে। তবে একটি পঞ্জিকাবর্ষে মোট অবস্থান ১৮০ দিনের বেশি হতে পারবে না।
দীর্ঘমেয়াদি এই ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন ছবি, অন্তত ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্টের অনুলিপি এবং গত ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণ জমা দিতে হবে। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ব্যাংক হিসাবে কমপক্ষে ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থ থাকার তথ্য দেখাতে হবে। পাশাপাশি আরব আমিরাতে কার্যকর স্বাস্থ্য বীমা এবং নিশ্চিত আসা-যাওয়ার বিমান টিকিটও জমা দিতে হবে।
এই নতুন ভিসা ব্যবস্থায় স্থানীয় কোনো স্পনসর বা গ্যারান্টারের প্রয়োজন না থাকায় আবেদন প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হবে। ফলে পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দেশটি ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ আন্তর্জাতিক পর্যটন খাতকে আরও গতিশীল করবে এবং আরব আমিরাতে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।