নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে গিয়ে প্রতিষ্ঠানটির উপ-সহকারী পরিচালক ডা. শাহাবুজ্জামানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে আত্মরক্ষার জন্য ঘটনাস্থল থেকে সরে যেতে হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সদর উপজেলার আগদীঘা গ্রামের বাসিন্দা রুমি বেগম প্রসব ব্যথা নিয়ে রোববার ভোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হন। সকালে তিনি স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এরপর স্বজনরা অভিযোগ করেন, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও তদারকি না পাওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে দায়ীদের বিচারের দাবি জানান। পরিস্থিতি তদন্ত করতে ঘটনাস্থলে গেলে উপ-সহকারী পরিচালক ডা. শাহাবুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, উপস্থিত লোকজন পুলিশ সদস্যদের সামনেই তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশের সহায়তায় তিনি নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসেন।
অন্যদিকে, কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পরিস্থিতি জানার পর নবজাতককে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। নবজাতকের বাবা বাবু আলী অভিযোগ করে বলেন, যথাসময়ে সঠিক চিকিৎসা পেলে তার সন্তানের জীবন রক্ষা করা সম্ভব হতো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সঙ্গে নবজাতকের মৃত্যুর ঘটনাও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।