২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে জার্মানি। তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় দেশটির নাগরিকদের আগের মতোই ভিসা নিয়ে জার্মানিতে ভ্রমণ করতে হবে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত দেশের নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে অবস্থান করতে পারবেন। এই সময়ে তারা পর্যটন, ব্যবসায়িক সফর কিংবা পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন।
তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, ভিসামুক্ত প্রবেশের এই সুবিধা শুধুমাত্র স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে জার্মানিতে চাকরি করা বা কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে না। ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, ইউক্রেন, ইসরায়েলসহ মোট ৬২টি দেশ।
অন্যদিকে বাংলাদেশ তালিকার বাইরে থাকায় জার্মানিতে ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের আগের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করতে হবে।