২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা–মিসর ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল ও নেতিবাচক মন্তব্যের পর শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। আটলান্টায় অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। তবে ম্যাচের একাধিক রেফারিং সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মিসর শিবির।
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ম্যাচের ৬০ মিনিটে। মিসরের মোস্তফা জিকো গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) পর্যালোচনার পর সেটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের সূচনায় বল দখলের সময় মিসরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের জার্সি টেনে ধরেন এবং তার পায়ের ওপর পা দেন। সেই ফাউলের কারণেই গোলটি বাতিল করা হয়। আরেকটি বিতর্ক তৈরি হয় যোগ করা সময়ে। ম্যাচ তখন ২-২ সমতায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে এনসো ফের্নান্দেস জয়সূচক গোল করেন এবং ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারিং নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত মিসরের বিপক্ষে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর রেফারি লেতেক্সিয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাজারো সমালোচনামূলক মন্তব্য ও ট্রল ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে মন্তব্য করার সুযোগ সীমিত করেন তিনি। কিন্তু সমালোচনার মাত্রা আরও বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন।
এদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আগামী ১২ জুলাই, কানসাসে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। বিশ্বকাপের শেষ আটের এই লড়াই ঘিরেও ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে রয়েছে।