ইনকিলাব কালচারাল সেন্টারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা সংগঠনটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমারও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময় , আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়

ইনকিলাব কালচারাল সেন্টারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা সংগঠনটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে একই ধরনের ঘোষণা দেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পৃথক বার্তায় তারা জানান, শহীদ ওসমান হাদির উত্তরাধিকারীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ যাচাই শেষে ইনকিলাব কালচারাল সেন্টার হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।


ফাতিমা তাসনিম জুমা তার বক্তব্যে বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ ও বাংলাদেশকেন্দ্রিক সাংস্কৃতিক চর্চার লক্ষ্য নিয়েই তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সংগঠনটির কার্যক্রম সাংস্কৃতিক পরিসর ছাড়িয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করায় তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি আরও জানান, শহীদ ওসমান হাদির মৃত্যুর পর উত্তরাধিকার-সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। এ সংকট নিরসনে ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরে বিষয়টি ঘিরে নানা বিতর্ক, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তিনি ব্যক্তিগতভাবে মানসিক চাপে পড়েন।


নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, শহীদ ওসমান হাদির সম্মান এবং তার উত্তরাধিকারীদের দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতেই ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের আর্থিক বিষয়েও তিনি বক্তব্য দেন। তার ভাষ্য অনুযায়ী, শহীদ ওসমান হাদির মৃত্যুর আগের ব্যাংক হিসাবগুলো বর্তমানে স্থগিত রয়েছে। তবে নিজের দায়িত্বকালীন সময়ের সব আর্থিক লেনদেনের হিসাব দ্রুত প্রকাশ করা হবে। ফাতিমা তাসনিম জুমা জানান, ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সংস্কৃতি ও আদর্শভিত্তিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯