সাম্প্রতিক দুই ফিফা বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দলের তালিকায় শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ ও চলতি ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে দলটি মোট আটবার পেনাল্টির সুযোগ পেয়েছে, যা এই সময়ে অন্য যেকোনো দলের চেয়ে বেশি। ব্রাজিলের একটি ক্রীড়া সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা পাঁচটি এবং চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি পেনাল্টি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, যারা দুই আসর মিলিয়ে চারবার পেনাল্টির সুযোগ পেয়েছে।
এদিকে তিনটি করে পেনাল্টি পাওয়া দলের মধ্যে রয়েছে ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল। এছাড়া জার্মানি, ইরান, পোল্যান্ড ও সুইজারল্যান্ড পেয়েছে দুটি করে পেনাল্টি। আরও কয়েকটি দল একটি করে পেনাল্টির সুযোগ আদায় করেছে। আর্জেন্টিনার পাওয়া আটটি পেনাল্টির মধ্যে সাতটিই নিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে সব সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। শেষ দুই বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করেছেন এই তারকা ফুটবলার। সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে তার পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
আর্জেন্টিনার হয়ে বাকি একটি পেনাল্টি নিয়েছিলেন লাউতারো মার্তিনেজ। এক ম্যাচে নিয়মিত কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেওয়ায় তিনি স্পট কিক থেকে সফলভাবে গোল করেন। অন্যদিকে ইংল্যান্ডের পাওয়া চারটি পেনাল্টির সবগুলোই নিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। এর মধ্যে একটি সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। ব্রাজিলের তিনটি পেনাল্টির মধ্যে দুটি এসেছে চলতি বিশ্বকাপে। একটি থেকে গোল করেন নেইমার, আর একটি স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস।
বিশ্লেষকদের মতে, আক্রমণাত্মক ফুটবল, প্রতিপক্ষের বক্সে বেশি সময় বল দখলে রাখা এবং ধারাবাহিক আক্রমণ তৈরির কারণেই আর্জেন্টিনা তুলনামূলক বেশি পেনাল্টি আদায় করতে সক্ষম হয়েছে।